বিসিএস কম্পিউটার সিটিতে চলছে বিনামূল্যে কম্পিউটার সেবা

১৭ আগষ্ট, ২০২০ ২২:৩২  
রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে চলছে বিনা মূল্যে কম্পিউটার সেবা। আজ সোমবার (১৭ আগস্ট) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। ‘‘ফাস্ট কাম ফাস্ট সার্ভ’’ শ্লোগানে প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বোচ্চ ২৫টি ল্যাপটপ ও ২৫টি ডেস্কটপ পিসির জন্য এই সেবা দেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই সেবার আয়োজন করেছে বিসিএস কমপিউটার সিটির ব্যবস্থাপনা কমিটি। সেবার প্রথম দিনেই বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় প্রযুক্তি পণ্যের ত্রুটি সারাইয়ে ক্রেতাদের ভিড় দেখা গেছে। মাস্ক ও গ্লাভস পড়ে হার্ডওয়্যার প্রকৌশলীদের সেবা দিতে দেখা গেছে। তবে ‘বিনা মূল্যে কমপিউটার সেবা’ কার্যক্রমে কোনো ডেটা সংরক্ষণের দায়িত্ব নিচ্ছেন না প্রকৌশলীরা। তারা শুধুমাত্র কম্পিউটারের সমস্যা নির্ণয় করে দিচ্ছেন। সমস্যা নির্ণয়ের পর ক্রেতাদের পছন্দের যেকোনো দোকান থেকে সারিয়ে নেয়া যাচ্ছে। এদিকে হ্যান্ড স্যানিটাইজার ও শরীরের তাপমাত্রা মাপার পরই দেশে কম্পিউটারের সবচেয়ে বড় এই মার্কেটে প্রবেশ করতে পারছেন সেবাগ্রহিতাদের।